
হায়দরাবাদ, ১৯ অক্টোবর : দুর্নীতি ও পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ তোলায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভডরার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন ভারত রাষ্ট্র সমিতির এমএলসি কে কবিতা।
রাহুলকে কটাক্ষ করে কে কবিতা বলেছেন, "তেলেঙ্গানা সরকার ও কেসিআর-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। আমি আবারও রাহুল গান্ধীকে তাঁর স্ক্রিপ্টরাইটার পরিবর্তন করার জন্য অনুরোধ করছি, কারণ সে আপনাকে বিভ্রান্ত করছে।"
প্রিয়াঙ্কাকে খোঁচা দিয়ে কে কবিতা বলেছেন, "প্রিয়াঙ্কা গান্ধী যিনি জওহর লাল নেহরুর প্রপৌত্রী, ইন্দিরা গান্ধীর নাতনি এবং রাজীব গান্ধীর কন্যা, তিনি পারিবারিক রাজনীতি নিয়ে কথা বলছেন। নির্বাচনী প্রচারে এটাই সবচেয়ে মজার কথা শুনেছি। নিজেরা কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয় তাঁদের।"
