পূর্বোত্তরে রেল পরিষেবার সম্প্ৰসারণ, আগরতলা স্টেশন থেকে দুটি ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি মুর্মু

Draupadi Murmu
Draupadi Murmu

 


আগরতলা, ১৩ অক্টোবর  : পূর্বোত্তরের রেল পরিষেবায় আজ আরও দুটি পলক জুড়ল। গুয়াহাটি থেকে কলকাতা ট্রেন আগরতলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে আগরতলা থেকে জিরিবাম (মণিপুর) জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের খংসাং পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আজ বৃহস্পতিবার আগরতলা রেলওয়ে স্টেশনে ওই দুটি ট্রেনের সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রসঙ্গত, মণিপুরে রেল সংযোগের আরও বিস্তারের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আগরতলা থেকে জিরিবামের মধ্যে চলাচলকারী জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন মণিপুরের খংসাং পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনটির নিয়মিত যাত্রা ১৪ অক্টোবর থেকে সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার চলবে। এই সেকশনটি জিরিবাম-ইমফল নতুন লাইন প্রকল্পের অধীনে নতুন নির্মিত হয়েছে। সড়কপথে ৩০০ কিলোমিটার দূরত্বের এই পথ অতিক্রম করতে সময় নেয় প্রায় ১৫ ঘণ্টা, যা ট্রেন যাত্রায় অর্ধেক, প্রায় ৭ ঘণ্টায় অতিক্রম করা যাবে।

জনশতাব্দী এক্সপ্রেসে নতুন লিংকে হফমেন বুশ কোচ সহ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও এই ট্রেনে একটি ভিস্টাডোম কোচও সংযুক্ত করা হয়েছে। আজ সকাল ৯-টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ০২০৯৭ নম্বর উদ্বোধনী স্পেশাল ট্রেনটি রওয়ানা দিয়ে একই দিনের সন্ধ্যা ছয়টায় খংসাং পৌঁছবে।

এই ট্রেনের নিয়মিত চলাচলের সময় ১২০৯৭ নম্বর আগরতলা-খংসাং জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ১৪ অক্টোবর থেকে আগরতলা থেকে সকাল ছয়টায় রওয়ানা দিয়ে একই দিনে দুপুর ১-টা ৪০ মিনিটে খংসাং পৌঁছবে। ফেরত যাত্রার সময় ১২০৯৮ নম্বর খংসাং-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ১৪ অক্টোবর থেকে খংসাং থেকে দুপুর ২-টা ৪০ মিনিটে রওয়ানা দিয়ে একই দিনে রাত ১০টায় আগরতলা পৌঁছবে। ট্রেনে একটি ভিস্টাডোম, একটি এসি চেয়ার কার, চারটি নন-এসি চেয়ার কার, একটি লাগেজ কাম পাওয়ার কার ও একটি গার্ড কাম লাগেজ রেক সহ মোট ৮-টি কামরা রয়েছে।

ট্রেনের উদ্বোধনী স্পেশাল চলাচল ও নিয়মিত চলাচল দুটোই আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন, অরুণাচল প্ৰদেশ, জিরিবাম, ভাঙ্গাইচুংপাও, রানি গাইদিনলিউ ও থিংগৌউ হয়ে হবে। এদিকে আগরতলা থেকে কলকাতা ভায়া গুয়াহাটি ট্রেন ত্রিপুরার শুধু ধর্মনগরে বাণিজ্যিক স্টপেজ দেবে। এছাড়া নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, মান্দারডিসা, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, নবদ্বীপ ধাম ও বান্ডেলে বাণিজ্যিক স্টপেজ দেবে। এই ট্রেনে একটি এসি প্রথম শ্রেণি তথা এসি ২-টিয়ার, পাঁচটি এসি ৩-টিয়ার, ছয়টি শয়ন শ্রেণি, একটি সাধারণ দ্বিতীয় শ্রেণি এবং দুটি জিএসএলআর মিলে মোট ১৫টি কামরা রয়েছে। এই ট্রেনের আগরতলা থেকে নিয়মিত চলাচল ১৯ অক্টোবর থেকে শুরু হবে।

এদিন রাষ্ট্রপতি জনশতাব্দী এক্সপ্রেসের ভিস্টাডোম কোচ ঘুরে দেখেছেন। আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরার পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহরায়, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়িকা মিমি মজুমদার এবং রেলের উচ্চ পদস্থ আধিকারিকগণ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…