
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: শীতের দাপট বজায় রয়েছে পঞ্জাব ও হরিয়ানায়। কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লিও। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন এমনই ঠান্ডা বজায় থাকবে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। এই অবস্থার কারণে দৃশ্যমানতা কমে যাবে এবং রেল ও বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে।
আইএমডি জানিয়েছে, ভোর এবং রাতের দিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে শীতল বাতাস বইবে। সেই সঙ্গে কুয়াশার ঘনঘটাও থাকবে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ২৭ জানুয়ারি পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশের একাধিক জায়গায় সকাল এবং রাতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দিতে পারে। উত্তর ভারতের পাশাপাশি, কুয়াশার সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। বিশেষত সকালের দিকে বিহারের বিস্তীর্ণ এলাকা কয়েক ঘণ্টা মুড়ে থাকবে ঘন কুয়াশায়।
এদিকে, ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে রাজধানী দিল্লিতে বৃহস্পতিবারও উড়ান পরিষেবা প্রভাবিত হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী অনেক ট্রেন দেরিতে চলাচল করেছে। যথা সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ভোগান্তির মধ্যে পড়েছেন অনেক যাত্রীরা।
