
গুয়াহাটি, ৬ এপ্রিল : তিনদিনের কার্যসূচি নিয়ে অসমে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যোরহাট বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
আজ বৃহস্পতিবার বেলা প্রায় ২:৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিমানে যোরহাটে অবতরণ করেন রাষ্ট্রপতি মুর্মু। যোরহাট থেকে তিনি সোজা চলে যান কাজিরঙায়। আগামীকাল থেকে কাজিরঙা জাতীয় উদ্যানে অনুষ্ঠেয় ‘গজ উৎসব’-এ প্ৰধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
এছাড়া বুধবার থেকে চলমান গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে আয়োজিত আগামীকাল শুক্ৰবারের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মুর্মু। আগামীকাল ৭ এপ্রিল প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি জাস্টিস ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ও উপস্থিত থাকবেন। তাছাড়া ৮ এপ্রিল শনিবার তেজপুরে ভারতীয় সেনা ছাউনিতে সুখই এমকেআই-৩০ যুদ্ধ বিমানের প্রদর্শনে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি।
এদিকে যোরহাট থেকে রাষ্ট্রপতি বোকাখাত হয়ে সোজা চলে গেছেন কাজিরঙায়। কাজিরঙা জাতীয় উদ্যানের কোহরা ফরেস্ট গেস্টহাউসে আজ রাত কাটাবেন তিনি। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণ করার পর এটা রাষ্ট্রপতি মুর্মুর দ্বিতীয় অসম সফর।
প্রাপ্ত খবরে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুৰ্মু আগামীকাল ৬ এপ্রিল কাজিরঙা জাতীয় উদ্যানে অনুষ্ঠেয় হস্তি উৎসব উপলক্ষ্যে নানা কাৰ্যক্ৰম উপভোগ করবেন। জিপ সাফারি এবং হাতির পিঠে চড়ে মনোরম দর্শনীয় স্থানগুলি পর্যবেক্ষণ করবেন তিনি। একশোর বেশি মাথা থেকে পা পর্যন্ত সজ্জিত গৃহপালিত এশিয়াটিক হাতি তাঁকে স্যালুট জানাবে। এছাড়া বিহু ও রাজ্যের অন্যান্য জনগোষ্ঠীয় নাচ-গান, ফুটবল, কুচকাওয়াজ, রেস সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে এগুলোর আনন্দ উপভোগ করবেন রাষ্ট্ৰপতি।
জানা গেছে, গজ উৎসব এশিয়ান হাতিদের কনজাৰ্ভেশন এবং প্ৰিজাৰ্ভেশনের জন্য জাতীয় উদ্যানে আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান। রাজ্যে ক্রমবর্ধমান হাতি-মানব সংঘাতকে তুলে ধরা এবং সমাধান করার উদ্দেশ্যে যৌথভাবে বন ও পর্যটন বিভাগ এই উৎসবের আয়োজন করে।
