
লেহ, ৩১ অক্টোবর : কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে দু'দিনের সফরে লেহ-তে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দুপুরে লেহ-তে পৌঁছনোর পর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ডক্টর বিডি মিশ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মুকে কেন্দ্রশাসিত অঞ্চলে তাঁর প্রথম সফরে গার্ড অফ অনারও দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি তাঁর সফরের প্রথম দিনে সন্ধ্যায় লেহ-তে সিন্দু সংস্কৃতি কেন্দ্রে কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। দ্বিতীয় দিনে, রাষ্ট্রপতি মুর্মু, যিনি তিন বাহিনীর সুপ্রিম কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন, শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য সিয়াচেন হিমবাহ বেস ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি শীর্ষ সেনা কমান্ডারদের সঙ্গে সময় কাটাবেন এবং সেখানে অবস্থানরত সৈন্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
