
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : লাদাখের উপ-রাজ্যপাল পদ থেকে রাধা কৃষ্ণ মাথুরের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের নতুন উপ-রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে ব্রিগেডিয়ার (ডাঃ) বি ডি মিশ্রকে। এর আগে অরুণাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন ব্রিগেডিয়ার (ডাঃ) বি ডি মিশ্র। এছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক। সিকিমের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে লক্ষ্মণ প্রসাদ আচার্যকে, ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন সি পি রাধাকৃষ্ণণ, হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন প্রতাপ শুক্লা, অসমের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া।অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এস আব্দুল নাজির।
এছাড়াও ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছে বিশ্ব ভূষণ হরিচন্দন, এর আগে তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন। মণিপুরের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন অনুসূয়া উইকে, নাগাল্যান্ডের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন লা গণেশন, বিহারের রাজ্যপাল ফাগু চৌহান মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন, হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর বিহারের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। এছাড়াও মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে রমেশ বাইশকে।
