
লুধিয়ানা, ২৮ জুলাই : পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরায় শ্বাসকষ্টে সমস্যায় অসুস্থ হয়ে পড়লেন এক গর্ভবতী মহিলা। শুক্রবার সকালে বছর ৩৫-এর ওই গর্ভবতী মহিলা শ্বাসকষ্টের কথা জানান । ওই একই স্থানে নর্দমা গ্যাস লিকেজে ১১ জনের মৃত্যু হয়েছিল। ফলে মহিলা অসুস্থ বোধ করায় গ্যাস লিকেজের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই মহিলা একটি ছোট খাবারের দোকান চালান। খবর পাওয়া মাত্রই পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। মহিলাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন সে ভালো আছেন বলে জানা গিয়েছে। সাহনেওয়ালের স্টেশন হাউস অফিসার ইন্দ্রজিৎ সিং বলেছেন, “সকাল সাড়ে ৬টা নাগাদ এক মহিলা শ্বাসকষ্টের সমস্যার কথা বলেন। বলা হচ্ছে সেখানে একধরনের গ্যাস লিক হয়েছে।'' লুধিয়ানা পশ্চিমের এসডিএম হরজিন্দর সিং বলেছেন, "এখানে কোনোও গ্যাস লিকের ঘটনা ঘটেনি। সেখানে এক গর্ভবতী মহিলা অজ্ঞান হয়ে যান। একজন গর্ভবতী মহিলার জন্য যা স্বাভাবিক, তিনি এখন ভালো আছেন। টেকনিক্যাল টিম, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়েছে, দু'বার খতিয়ে দেখা হয়। কোনও গ্যাস লিকেজ হয়নি।"
