নয়াদিল্লি, ৮ নভেম্বর : জনসংখ্যা নিয়ন্ত্রণে মেয়েদের শিক্ষিত করার ইতিবাচক প্রভাব সম্পর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বক্তব্যকে ঘিরে মঙ্গলবার বিহার বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বুধবার জাতীয় মহিলা কমিশন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা করেছে। মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে কমিশন।
বুধবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। উদ্বেগ প্রকাশ করে কমিশন জানিয়েছে, তিনি যেভাবে বিধানসভায় মেয়েদের সম্পর্কে কথা বলেছেন তা সি গ্রেড ফিল্মের সংলাপের মতো। কমিশন আরও জানিয়েছে, মহিলাদের কাছে সবচেয়ে খারাপ লাগার বিষয় ছিল যখন মুখ্যমন্ত্রী এই কথা বিধানসভায় বলেন, তখন মহিলাদের পিছনে বসে থাকা পুরুষরা এই কথা শুনে হাসছিল। মুখ্যমন্ত্রীর অভিব্যক্তি একটি অশোধিত রসিকতার মত ছিল। সবচেয়ে খারাপ দিক হল, অধ্যক্ষ তাঁকে এখনও অপসারণ করেননি। বিহার বিধানসভার অধ্যক্ষের উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
রেখা শর্মা আরও বলেন, বিধানসভায় তাঁর অশালীন মন্তব্য প্রতিটি মহিলার মর্যাদা এবং অপমান। নীতিশ কুমারের ভাষা খুবই অপমানজনক এবং খারাপ। গণতন্ত্রে যদি কোনও নেতা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেন তাহলে দেশে মহিলাদের কী অবস্থা হবে তা আপনারা ভাবতেই পারছেন।
