
নয়াদিল্লি, ১৬ মার্চ: দেশবাসীর মধ্যে ভালো সাড়া ফেলেছে কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প, ইতিমধ্যেই এক কোটিরও বেশি পরিবার কেন্দ্রের সোলার রুফটপ প্রকল্পের জন্য আবেদন করেছে। আর তাতেই সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "দারুণ খবর, চালু হওয়ার প্রায় এক মাসের মধ্যে এক কোটিরও বেশি পরিবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী-সূর্য ঘর: মুফত বিজলি যোজনার জন্য নিজেদের নিবন্ধিত করেছে। দেশের সব জায়গা থেকে রেজিস্ট্রেশন চলছে। অসম, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, ওডিশা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে ৫ লক্ষেরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাঁদেরও তাড়াতাড়ি করা উচিত।"
