
গান্ধীনগর, ১৭ জুলাই: ভারতের জি-২০ সভাপতিত্বের অঙ্গ হিসেবে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের তৃতীয় বৈঠক সোমবার গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডঃ শক্তিকান্ত দাস এই বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন খাদ্য ও শক্তির নিরাপত্তাহীনতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "আমরা যখন সামনের দিকে তাকাই, আমরা ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল অর্জনের জন্য আমাদের (ভারত-মার্কিন) প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করি। একে অপরের দক্ষতা এবং সংস্থানগুলিকে কাজে লাগিয়ে, আমরা সক্রিয়ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।" কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ভারত-মার্কিন অংশীদারিত্বের শক্তি, গতিশীলতা বাড়িয়েছে।"
আন্তর্জাতিক অর্থনীতি ও স্বাস্থ্য, সুস্থায়ী অর্থব্যবস্থা ও পরিকাঠামো, আন্তর্জাতিক অর্থনৈতিক গঠন কাঠামো, আন্তর্জাতিক কর ব্যবস্থা এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো পাঁচটি বিষয়-নির্দিষ্ট অধিবেশন বসবে, দু’দিনের এই সম্মেলনে। জি-২০–র সদস্য দেশ, অতিথি দেশ এবং একাধিক আন্তর্জাতিক সংগঠনের প্রায় ৫০০ জন প্রতিনিধি, বৈঠকে অংশ নিচ্ছেন।
