
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : দুদিনের সফরে ইজরায়েল রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দু'দিনের এই সফরে ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হতে পারে। এছাড়াও বিশেষ নজরে থাকছে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫-২৬ ফেব্রুয়ারি ইজরায়েল সফর করবেন। এটি হল প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইজরায়েল সফর। ইজরায়েল রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী এদিন জানান, এই সফরকালে তিনি সে দেশের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের সঙ্গেও দেখা করবেন। ইজরায়েলি সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
