
দৌসা, ১২ ফেব্রুয়ারি : দিল্লি ও জয়পুরের মধ্যে দূরত্ব আরও কমে গেল। সাড়ে তিন ঘণ্টাতেই রাজধানী থেকে জয়পুরে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। দিল্লি থেকে মুম্বই যাওয়া যাবে আগের থেকে অর্ধেক সময়ে। রবিবার সেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের রাজধানী থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত অংশটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জানালেন, এখন দিল্লি থেকে জয়পুর রোজ যাতায়াত করা যাবে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট সেকশনের উদ্বোধনের পাশাপাশি ১৮,১০০ কোটি টাকা অর্থমূল্যের বিভিন্ন সড়ক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৯ বছর ধরে কেন্দ্রীয় সরকার পরিকাঠামোতে ক্রমাগত বিপুল বিনিয়োগ করছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর রাজস্থান এবং দেশের জন্য অগ্রগতির দু'টি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
দিল্লি হয়ে রাজস্থান বেড়াতে যাওয়ার দূরত্ব কমছে। রাজধানী থেকে বাণিজ্য রাজধানী মুম্বইয়ে যাওয়ার দূরত্বও কমে অর্ধেক হচ্ছে। ফলে পর্যটকদের পাশাপাশি এর সুফল পাবেন সাধারণ মানুষও। খুব শিগগিরই সড়কপথে ১২ ঘণ্টায় দিল্লি থেকে মুম্বই পৌঁছনো যাবে। চালু হবে দিল্লি-মুম্বই মহাসড়ক। মহাসড়কের দিল্লি থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত অংশটি রবিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে দিল্লি থেকে জয়পুর এ বার সাড়ে পাঁচ ঘণ্টার বদলে সাড়ে তিন ঘণ্টায় পৌঁছনো যাবে। দিল্লি থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত মহাসড়কের দৈর্ঘ্য ২৪৬ কিলোমিটার। এর মধ্যে চার লেন বিশিষ্ট আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল মাত্র ২৪ ঘণ্টায়। এটাও একটা রেকর্ড। ৫০ কিলোমিটার সিঙ্গেল লেন তৈরি করা হয়েছিল মাত্র ১০০ ঘণ্টায়।
আট লেন বিশিষ্ট এই মহাসড়ক ভারতের দীর্ঘতম হতে চলেছে। কাজ শেষের পর এই মহাসড়কের দৈর্ঘ্য হবে ১,৩৮৬ কিলোমিটার। দিল্লি থেকে মুম্বই এখন সড়কপথে দূরত্ব ১,৪২৪ কিলোমিটার। মহাসড়ক তৈরি হলে দূরত্ব কমবে ১২ শতাংশ। তখন দিল্লি থেকে মুম্বই সড়কপথে দূরত্ব হবে ১,২৪২ কিলোমিটার। মহাসড়ক তৈরি হলে দিল্লি থেকে মুম্বই যেতে সময় বাঁচবে ৫০ শতাংশ। এখন লাগে ২৪ ঘণ্টা। মহাসড়ক তৈরি হলে সময় লাগবে ১২ ঘণ্টা। ছ’টি রাজ্যের উপর দিয়ে যাবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র। কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, বডোদরা, সুরতের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে জুড়বে।
