Country

2 years ago

I.N.D.I.A reached Imphal: দুদিনের সফরে হিংসাজর্জর মণিপুর পৌঁছলেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের ২০ সাংসদ

Oppo MPs of I.N.D.I.A reached Imphal to assess situation (Collected)
Oppo MPs of I.N.D.I.A reached Imphal to assess situation (Collected)

 

ইমফল, ২৯ জুলাই  : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দুদিনের সফরে হিংসাজর্জর মণিপুর পৌঁছেছেন বিরোধী ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (আইএনডিআইএ বা ইন্ডিয়া) জোটের ১৬ দলের ২০ জন সাংসদ।

আজ শনিবার সকালে অসমের কংগ্রেসি সাংসদ গৌরব গগৈয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বিরোধী ১৬ দলের ২০ জন সাংসদ। তাঁদের উদ্দেশ্য, হিংসা জর্জরিত মণিপুরের সাধারণ জনগণের দাবি, অভিযোগ, পরিস্থিতি ইত্যাদি শোনা ও দেখা। এদিনে ইমফল বিমানবন্দরে অবতরণ করার পর নিরাপত্তাজনিত কারণে তাঁরা হেলিকপ্টারে চূড়াচাঁদপুর গিয়েছেন। তবে একটি হেলিকপ্টার উপলব্ধ থাকায় প্রতিনিধি দলের সদস্যদের দুটি দলে ভাগ করে দুটি ট্রিপে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আইএনডিআইএ বা ইন্ডিয়া জোটের ১৬ দলের ২০ জন সাংসদের মধ্যে রয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, রিভলিউশনারি সোশালিস্ট পার্ট (আরএসপি)-র সাংসদ এনকে প্রেমচন্দ্র, এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী)-র সাংসদ পিপি মহম্মদ ফয়জল, আম আদমি পার্টির সুশীল গুপ্তা, রাষ্ট্রীয় লোকদল-প্রধান জয়ন্ত চৌধুরী প্রমুখ।

বিমানবন্দরে অবতরণ করে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ গৌরব গগৈ বলেন, ‘আমরা জনগণের দাবি শুনতে চাই, আমরা জনগণের দাবির প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমরা মণিপুরের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করতে এবং তাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান করতে এসেছি।’

প্রতিনিধিদলের আরেক বিশিষ্ট সদস্য লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের মধ্যে সমীক্ষা এবং আলোচনা করার ওপর গুরুত্ব প্রদান করেছেন। তিনি বলেন, মণিপুরে গত প্রায় ৮৬ দিন ধরে যে জাতিসংঘর্ষ চলছে তার অবসান চায় ‘ইন্ডিয়া’। মণিপুরের ওপর প্রধানমন্ত্রী মোদীর কী বক্তব্য তা শুনতে চান তাঁরা। মণিপুর সম্পর্কে লোকসভায় প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতেই হবে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন, প্রশ্ন তুলেন অধীর।

অধীর চৌধুরী বলেন, ‘মণিপুরের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। রাজ্যপালের কাছে সেগুলি পেশ করব আমরা। আমরা পুঙ্খানুপুঙ্খ সর্ভে করতে চাই। এর আগে বাস্তবতা বোঝার জন্য গভীরভাবে আলোচনা করব আমরা,’ বলেন লোকসভায় বিরোধী দলনেতা। তৃণমূল সাংসদ (রাজ্যসভা) সুস্মিতা দেব মণিপুরে বিবদমান উভয় সম্প্রদায়ের বক্তব্য শোনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। তিনি রাজ্য সরকারকে তাঁদের অবস্থানকালে সফররত সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


You might also like!