
নুহ, ২৮ আগস্ট : হরিয়ানার নুহ জেলায় সোমবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকা জলাভিষেক যাত্রাকে কেন্দ্র করে তৎপর রয়েছে প্রশাসন।
গতবারের মতো সমস্যা এড়িয়ে, জলাভিষেক যাত্রা যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য জেলার সব সীমান্ত সিল করে দিয়েছে হরিয়ানা প্রশাসন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানো রুখতেই ইন্টারনেট পরিষেবা শনিবার বিকেল থেকে বন্ধ রাখা হয়েছে। জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নলহার মন্দিরে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক ধীরেন্দ্র খড়গাতা জানান, ২৮ আগস্ট জলাভিষেক যাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যাত্রায় জড়িতদের সীমান্তেই থামানো হবে। রবিবার সন্ধ্যা থেকে জেলার সব সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৫৭ জন বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় আধিকারিকদের বৈঠক হবে। ফরিদাবাদের বিভাগীয় কমিশনার বিকাশ যাদব ছাড়াও, এডিজিপি মমতা সিং, নোডাল অফিসার অজিত বালাজি যোশী এবং পুলিশ সুপার নরেন্দ্র বিজারানিয়া সহ বেশ কয়েকজন আধিকারিক সোমবার এই বৈঠকে যোগ দেবেন। পুলিশ ছাড়াও, আরএএফ, আইটিবিপি এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যদের জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে। ২৮ আগস্ট সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলোও বন্ধ থাকবে।
