Country

3 years ago

Tripura Election Result 2023 : সিপিএম নয়, তিপরা মথা পাবে বিরোধী দলের মর্যাদা, সম্ভাব্য ফলাফলে দাবি বিজেপি নেতা রতনলালের

Ratanlal Nath
Ratanlal Nath

 

আগরতলা, ২ মার্চ  : বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখে নিশ্চিত, ত্রিপুরায় সিপিএম দ্বিতীয় বৃহত্তম দল হতে পারবে না। বিজেপি সরকার গঠন করার পর বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাবে তিপরা মথা। মোহনপুর কেন্দ্রে জয়ী হওয়ার পর দৃঢ়তার সাথে এ কথা বলেন টানা সপ্তমবারের বিধায়ক রতনলাল নাথ। তাঁর দাবি, ত্রিপুরায় মানুষ বামফ্রন্ট ও কংগ্রেসের জোটকে প্রত্যাখান করেছেন।

রতনলাল বলেন, বিধায়কের দায়িত্ব পালন করা খুবই কঠিন। কারণ, মানুষের পাশে থেকে তাঁদের সহায়তায় এগিয়ে গেলেই ভোটে জয় সম্ভব হয়। তিনি জোর গলায় বলেন, একটানা সপ্তমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, বর্তমানে এমন নজির কারোর নেই। তাঁর দাবি, মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করেছি, তাই পুনরায় নির্বাচিত হয়েছি।

তাঁর কথায়, ত্রিপুরার মানুষ বামফ্রন্ট ও কংগ্রেসের জোটকে প্রত্যাখান করেছেন। মানিক সরকার, মানিক দে, তপন চক্রবর্তী সহ আরও কয়েকজন প্রবীণ সিপিএম নেতা আগেই তা বুঝে গিয়েছিলেন। তাই তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তাঁর দাবি, এই জয়ের মূল কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁদের দিশা-নির্দেশনায় বিজেপি ত্রিপুরায় পুনরায় সরকার গঠন করতে চলেছে।

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা বিধানসভায় সিপিএম দ্বিতীয় বৃহত্তম দল হতে পারবে না। সম্ভাব্য ফলাফল দেখে তিনি নিশ্চিত, বিধানসভায় তিপরা মথা বিরোধী দলের মর্যাদা পাবে।

You might also like!