
নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি: রাজধানী দিল্লিতে শীতের দাপট এখনও সেভাবে কমেনি, শীতের সঙ্গেই পিছু ছাড়ছে না কুয়াশাও। শুক্রবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লির আকাশ-বাতাস। কুয়াশার পরিমাণ বেশি থাকায় দৃশ্যমানতার অভাবে বিঘ্নিত হয়েছে রেল ও বিমান পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলচল করেছে। ফলে দুর্ভোগে পড়েন বহু যাত্রী।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত দিল্লির পাশাপাশি পূর্ব উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও ঝাড়খণ্ডে ঘন কুয়াশা ছিল। দিল্লিতে কুয়াশা এতটাই বেশি ছিল যে ভোরের দিকে ইন্ডিয়া গেটে দৃশ্যমানতা শূন্যে চলে যায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা।
