
পাটনা, ৩১ জানুয়ারি : তাঁর উদ্যোগেই আইএনডিআই জোটের সূচনা, সেই নীতীশ কুমারই এবার আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করলেন। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নীতীশ কুমার বলেছেন, "জোটের জন্য অন্য নাম নির্বাচন করার জন্য আমি তাঁদের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তাঁরা আগেই তা চূড়ান্ত করেছিল। আমি অনেক কঠিন চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁরা একটা কাজও করেনি। এখনও পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি, কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই কারণেই আমি তাঁদের ছেড়ে চলে এসেছি এবং শুরুতে যাদের সঙ্গে ছিলাম সেখানে ফিরে এসেছি। আমি বিহারের মানুষের জন্য কাজ করে যাব।"
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এখন বিহারে জাতিগত জনগণনার কৃতিত্ব নিচ্ছেন, এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, "তিনি কী ভুলে গিয়েছেন যখন জাতিগত জনগণনা হয়েছিল? আমি ৯টি দলের উপস্থিতিতে এটি পরিচালনা করেছি। ২০১৯-২০২০ সালে আমি সমাবেশ থেকে জনসভা, সর্বত্র জাতিগত জনগণনা পরিচালনার কথা বলেছি। তিনি ভুয়ো কৃতিত্ব নিচ্ছেন, আমি কী করতে পারি? এটা হতে দাও।"
