
নয়াদিল্লি, ৭ আগস্ট : ছিনতাইয়ের প্রতিবাদ করায় এক পৌঢ়কে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দিল্লির সাগরপুর থানা এলাকায়। মৃতের নাম মোহনলাল ছাবরা (৭৪)। সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ ওই ব্যক্তি ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছিলেন, এমন সময় তার সঙ্গে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। মোহনলাল ছাবরা প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হন এবং সকালে হাঁটাহাঁটি করার সময় ফিজিওথেরাপি সেন্টারে পৌঁছন, যেখানে তিনি সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফিজিওথেরাপির জন্য থাকেন।
সোমবার সকালে তিনি বাড়ি থেকে বেরোলে রাস্তায় ছিনতাইবাজরা তাঁকে নজরে রাখে। মাঝপথে তার কাছ থেকে জোর করে ব্যাগ ছিনিয়ে নেয় বাইকে থাকা দুষ্কৃতীরা। ব্যাগে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে। তিনি ডাকাতদের টাকা লুট করা থেকে বাধা দেওয়ায় তাঁকে ডাকাতরা হত্যা করে বলে অভিযোগ। তিনি অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন বলে জানা গিয়েছে। সাগরপুর থানা এলাকার ঠিক বিপরীতে দুর্গাপার্ক এলাকায় তিনি বসবাস করতেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
