
মুর্শিদাবাদ, ২১ ডিসেম্বর : বিধায়ক বায়রন বিশ্বাসের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার সকাল ৬.১০ মিনিটে বায়রনের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকেরা। বায়রনের শমসেরগঞ্জের বাড়ির পাশাপাশি তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান চালানো হয়। গভীর রাতে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর দফতরের আধিকারিকরা।
আয়কর দফতর সূত্রের খবর, তল্লাশির শেষে ৭২ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। ওই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন বলে ওই সূত্রের খবর।
তল্লাশি চলাকালীন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বায়রনকে। বেশ কিছু টাকা এবং নথি উদ্ধার করা হয়। কিন্তু মাঝে দু’বার অসুস্থ হয়ে পড়েন বায়রন। সন্ধ্যার পর কংগ্রেসত্যাগী, অধুনা তৃণমূল কংগ্রেস বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টা নাগাদ তাঁকে তাঁর নিজের নার্সিংহোমেই ভর্তি করানো হয়। তার পর বিধায়ক খানিক সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁকে আর এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
