
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর অভিনয় বরাবরই দর্শকদের মন ছুঁয়ে যায়। বলিউডের অন্যত্তম প্রতিশ্রুতিবান ও জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা সামাজিক কাজে যুক্ত হতে রাজনীতির অঙ্গনে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। আসলে, জল্পনা চলছে গত এক বছরেরও বেশি সময় ধরে। এবার শোনা যাচ্ছে, বিহারের পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী হতে পারেন এই বলিউড অভিনেতা।
রাজনীতির সঙ্গে সিনেমার জগতের যোগটা অনেকদিনের। গত কয়েক দশকে কম অভিনেতা, নেতা হননি। ভারতীয় রাজনীতি সুনিল দত্ত, জয়া বচ্চনদের মতো অভিনেতাদের রাজনীতিতে আসতে দেখেছে, যাঁরা তাঁদের নয়া ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছে। আবার, গোবিন্দা বা সানি দেওলদের মতো অভিনেতা থেকে নেতা হওয়া মানুষদেরও দেখেছে, যাঁরা নির্বাচিত হওয়ার পর, তাঁদের আর নির্বাচনী কেন্দ্রে দেখাই যায়নি বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। আমাদের রাজ্যেও, দেব, শতাব্দী রায়, প্রয়াত তাপস পাল, হিরন – তালিকাটা নেহাত ছোট নয়। আসলে, যে সকল আসনে জেতা কঠিন বলে মনে করে রাজনৈতিক দলগুলি, সেই সকল আসনেই এই অভিনেতাদের প্রার্থী করার প্রবণতা দেখা যায়। মূলত তাঁদের অভিনয় জগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, সেই আসনগুলি জেতার চেষ্টা করে রাজনৈতিক দলগুলি। এবার কি সেই তালিকায় কী নাম জুড়তে চলেছে মনোজ বাজপেয়ীর?
গত বছর ২০২২-এর সেপ্টেম্বরে। বিহারে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছিলেন মনোজ বাজপেয়ী। সম্প্রতি, এক সংবাদ পোর্টাল থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, ‘পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোটের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।’ ওই একই পোস্টে আরও দাবি করা হয়েছে, পশ্চিম চম্পারন বিরোধীরা যাকেই প্রার্থী করুক না কেন, এই আসনে বিজেপিই জিতবে। বস্তুত, ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। পরপর তিনবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জয় জয়সওয়াল। এবার কি, এই আসনে গেরুয়া শিবিরকে জ্র টক্কর দিতে ময়দানে নামবেন কী মনোজ? সেটাই দেখার।
