
ইমফল : অপহৃত ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) কনসাম খেদা সিংকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন নিরাপত্তাকর্মীরা। আজ সন্ধ্যা প্রায় ৬.৩০টার দিকে থউবাল জেলার এক অঞ্চল থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে, জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে।
এই খবর লেখা পর্যন্ত জেসিও কনসাম খেদা সিংকে থাউবাল জেলার ওয়াইখং থানায় (কাকচিং সংলগ্ন) রাখা হয়েছে। পুলিশ তাঁকে অপহরণ সংক্রান্ত ঘটনার তদন্ত করছে বলেও জানা গেছে।
সূত্র জানিয়েছে, জেসিও কনসাম খেদা সিংকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার একটি সমন্বিত দল অভিযান চালিয়েছিল। অবশেষে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ তাকে নিরাপদে উদ্ধার করেছে সমন্বিত বাহিনী।
প্রসঙ্গত, থউবাল জেলার অন্তর্গত চারাংপাট মামাং লেইকাইয়ের বাসিন্দা, ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) কনসাম খেদা সিং ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ সকাল প্রায় ৯.০০টায় তাঁর বাড়িতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে তাঁকে একটি গাড়িতে করে নিয়ে পালিয়ে গিয়েছিল।
অপহরণের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সেনা আধিকারিককে অপহরণের পেছনে চাঁদাবাজি মামলা রয়েছে। কেননা, জেসিও কনসাম খেদা সিং-এর পরিবারকে বেশ কিছুদিন ধরে কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মোটা অঙ্কের চাঁদা দিতে চাপ দিচ্ছিল। দাবি মতো চাঁদা না দিলে ভয়ংকর পরিণতির হুমকিও দিচ্ছিল দুষ্কৃতীরা, জানিয়েছে পুলিশের এক সূত্র।
