নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন বিরোধীদের আইএনডিআই জোটের কোনও ভবিষ্যৎ নেই। মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, আইএনডিআই জোটের কোনও ভবিষ্যত নেই, তাই তিনি বৈঠক এড়িয়ে যাচ্ছেন।"
প্রসঙ্গত, সোমবারই তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআই-এর বৈঠক প্রসঙ্গে বলেছিলেন, "আমি জানি না, আমার কাছে কোনও তথ্য নেই, তাই উত্তরবঙ্গে একটি প্রোগ্রাম রেখেছি। যদি আমাদের কাছে তথ্য থাকত, তাহলে আমরা সেই কর্মসূচিগুলি নির্ধারণ করতাম না। আমরা অবশ্যই (মিটিং এর জন্য) যেতাম, কিন্তু আমরা কোনও তথ্য পাইনি।"
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, "এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। আইএনডিআই জোট কোথায়? তাঁরা তিনবার একসঙ্গে চা খেয়ে জোটে? নীতীশ কুমার নেতৃত্ব নিয়েছিলেন, সে এখন কোথায়? তিনি নিজেও সভায় উপস্থিত হন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে দেখলেন, এর থেকে কিছুই বের হচ্ছে না। তাই তিনি তাঁর ভাইপোকে পাঠালেন। এখন, সেও যায় না এবং বলে যে সে এটি সম্পর্কে জানে না, সবাই বিভ্রান্ত।"
