
শিমলা, ২৩ আগস্ট: অবিশ্রান্ত বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা। বৃষ্টির দাপটে ভূমিধসের জেরে বুধবার অবরূদ্ধ হয়ে পড়েছে অনেজ রাস্তা। নানা স্থানে ভেঙে ও উপরে পড়েছে গাছ। দু''দিনের জন্য হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবারের রাতটা খুব খারাপ ভাবেই কেটেছে শিমলাবাসীর। সারারাত ধরে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি থামেনি বুধবার সকালেও। নানা স্থানে দৃশ্যমানতা কমে গিয়েছে। হিমাচল প্রদেশের ১২টি জেলার মধ্যে ৮টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে মল রোডে কয়েকটি গাছ উপরে পড়েছে।
