
রুদ্রপ্রয়াগ, ৫ আগস্ট : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের গৌরিকুণ্ডে ভয়াবহ ভূমিধসের ঘটনায় উদ্ধার হয়েছে ৩টি দেহ। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও, এখনও ১৭ জনকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে কেদারনাথ থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগের গৌরিকুণ্ডে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে রাস্তার ধারে অবস্থিত দোকান ও ধাবা তলিয়ে যায়।
জেলা প্রশাসন জানিয়েছে, ওই দোকান ও ধাবায় ৪ জন স্থানীয় নাগরিক ও ১৬ জন নেপালি নাগরিক ছিলেন। শুক্রবার রাত।পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে উদ্ধারকাজ শুরু হলে ৩ জনের দেহ উদ্ধার হয়, তবে এখনও ১৭ জনের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
