
নয়াদিল্লি : মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়া সন্ত্রাসবাদীদের জন্য নতুন কিছু নয়, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের একথা জানিয়েছেন। অরিন্দম বাগচি এদিন ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গে যুক্ত একটি রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে একথা বলেছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক সংবাদিক সম্মেলনে আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। তিনি বলেন, হাফিজ সইদ ভারতে ২৬/১১ হামলার মূল অভিযুক্ত। রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত সন্ত্রাসবাদীদের তালিকায় তার নাম রয়েছে। ভারতের তরফ থেকে পাকিস্তানকে বলা হয়েছে যেন তারা হাফিজ সইদ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ ভারতের কাছে হস্তান্তর করে। এই তথ্যের ভিত্তিতে যাতে তার বিরুদ্ধে মামলা করা যায়। ভারত অনেক আগে থেকেই এই দাবি জানিয়ে আসছে।
সইদ সমর্থিত দল, পাকিস্তান মারকাজি মুসলিম লীগ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছে। সইদের ছেলে তালহা সইদও প্রার্থীদের মধ্যে রয়েছে। সে লাহোরের একটি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
