
রাঁচি, ১৩ মার্চ: ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক আম্বা প্রসাদের বাড়িতে দীর্ঘ প্রায় ১৮ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নেত্রীর রাঁচির বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। এদিকে, ইডি-র এই অভিযানের প্রেক্ষিতে বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন, "আমাদের টার্গেট করা হচ্ছে।"
মঙ্গলবার দিনভর আম্বা প্রসাদের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৭টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। হাজারিবাগে জমি দখল নিয়ে বিতর্কের প্রেক্ষিতে ইডি আম্বা প্রসাদ এবং যোগেন্দ্র প্রসাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে আইআইআর দায়ের করে। এরপর মঙ্গলবার প্রায় সারাদিনই আম্বা প্রসাদের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৭টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। গভীর রাতে আম্বা প্রসাদের রাঁচির বাড়ি থেকে বেরোতে দেখা যায় ইডি-র আধিকারিকদের।
ইডি-র এই অভিযান প্রসঙ্গে আম্বা প্রসাদ বলেছেন, "খুব ভোরে তাঁরা আসে এবং তারপর থেকে সারাদিনের অত্যাচার ছিল। তাঁরা আমাকে একই জায়গায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়েছিল। আমাকে হাজারিবাগ লোকসভার টিকিটের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা আমি উপেক্ষা করেছি। তখন আমাকে চাপ দেওয়া হয়। তাঁরা আমাকে হাজারিবাগের একজন শক্তিশালী নেত্রী হিসেবে দেখেন, কারণ আমরা বারকাগাঁও আসনে ধারাবাহিকভাবে জয়লাভ করছি।"
