
কলকাতা, ৩১ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আসার কথা ছিল ইসরোর। তবে তাদের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আচার্য সি ভি আনন্দ বোস কথা বলেছিলেন ইসরোর চেয়ারম্যানের সঙ্গে। তারপরই ইসরোর দলের আসার কথা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখনই না আসার আবদার জানানো হল ইসরোকে।
বুধবারই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় দ্রুতই ইসরো-র প্রতিনিধিরা সমীক্ষায় আসবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক সাংবাদিকদের বলেন, “যেহেতু কয়েকদিন আগেই যাদবপুরের দায়িত্ব পেয়েছেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই কারণে যে পরিমাণ নথি জোগাড় করা প্রয়োজন ছিল তা এখনও প্রস্তুত হয়নি। তাই ইসরোর কাছে সপ্তাহ খানেক সময় চেয়ে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সেপ্টেম্বরের গোড়ার দিকে ইসরোর প্রতিনিধি দল যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে পারেন। গোটা ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি হস্টেলও পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। মূলত দেখা হবে উন্নত প্রযুক্তি যেমন ভিডিয়ো অ্যানালিটিক্স, টার্গেট ফিক্সিং এর মতো প্রযুক্তি যাদবপুরে কাজ করবে কি না? রেডিয়ো ফ্রিকোয়েন্সি নিয়েও হতে পারে মিটিং।
