
নয়াদিল্লি : সংসদে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতীয় নৌসেনায় ১,৭৭৭ জন আধিকারিক সহ ১০,৮৯৬ জন কর্মীর ঘাটতি রয়েছে। সংসদে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। লোকসভায় একটি প্রশ্নের উত্তরে, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, ৩১ অক্টোবর থেকে নৌবাহিনীতে নাবিকদের ৯,১১৯ টি পদ খালি রয়েছে। তিনি বলেন, উচ্চ আধিকারিক পদে ১ হাজার ৭৭৭ জনের পদ খালি রয়েছে। ভাট জানান, ২০২১ সালে মোট ৩২৩ জন আধিকারিক নিয়োগ করা হয়েছিল যেখানে ২০২২ সালে সেই সংখ্যা দাঁড়ায় ৩৮৬-এ। ২০২১ সালে, ৫,৫৪৭ নাবিককে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে ২০২২ সালে সেই সংখ্যা ছিল ৫,১৭১। একটি পৃথক প্রশ্নে, তিনি জানান, প্রতিরক্ষা এবং দ্বৈত ব্যবহারের প্রযুক্তির বিকাশের জন্য ভারতীয় শিল্প, স্টার্টআপগুলির পাশাপাশি অ্যাকাডেমিক এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য একটি প্রযুক্তি উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছিল। ভাট তাঁর লিখিত উত্তরে বলেছেন, এই তহবিলটি বেসরকারী শিল্প বিশেষ করে এমএসএমই এবং স্টার্টআপগুলিকে সামরিক প্রযুক্তির নকশা, বিকাশের সংস্কৃতিতে আনতে এবং তাদের অনুদানের জন্য সহায়তা করার লক্ষ্যের সঙ্গে জড়িত।
