
লেহ, ৮ জুলাই : পূর্ব লাদাখ সেক্টরে নিজেদের যুদ্ধ প্রস্তুতির মহড়া সেড়ে ফেলল ভারতীয় সেনা বাহিনী। শনিবার সকালে পূর্ব লাদাখ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং যুদ্ধের বাহন নিয়ে সিন্ধু নদী পার হওয়ার মহড়া চলে। এক নিমেষে ট্যাঙ্ক পারাপার হয়ে যায় সিন্ধু নদীর ওপর দিয়ে। মহড়ার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর বিএমপি পদাতিক বাহিনী ট্যাঙ্ক এবং যুদ্ধের বাহন নিয়ে পূর্ব লাদাখের নয়োমাতে সিন্ধু নদী অতিক্রম করে।
নায়েব সুবেদার জে সিং বলেছেন, "এই বাহনটি একটি এম৪, এটি ভারতে তৈরি। এই বাহনটি ২০২২ সালে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং মোট দশজন সৈন্যের জন্য ডিজাইন করা হয়েছিল। এটিতে স্বয়ংক্রিয় অস্ত্রের সুবিধা রয়েছে যা দূরপাল্লায় গুলি চালাতে পারে। লাদাখের মতো এলাকায়, আমরা এই বাহনটি ৬০-৭০ কিলোমিটার গতিতে ব্যবহার করতে পারি।"
প্রসঙ্গত, পূর্ব লাদাখ সেক্টরে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর নতুন অস্ত্র ও সরঞ্জাম। নতুন অস্ত্র ব্যবস্থার মধ্যে রয়েছে ধনুশ - মেড ইন ইন্ডিয়া হাউইটজার, এম ৪ কুইক রিঅ্যাকশন ফোর্স ভেহিকল, অল টেরেইন ভেহিকল।"
