
নয়াদিল্লি, ২৩ জুন : ভারত এখন খনিজ নিরাপত্তা অংশীদারিত্বের নতুন অংশীদার হয়ে উঠেছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেছেন, এই অংশীদারিত্বের লক্ষ্য হল বৈচিত্র্যময় এবং টেকসই এনার্জি ক্রিটিকাল খনিজ সরবরাহ শৃঙ্খলের বিকাশকে ত্বরান্বিত করা। শুক্রবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তিতে সহযোগিতা এবং পুনর্নবীকরণ শক্তি এবং ক্রিটিকাল খনিজ সহযোগিতার অংশীদারিত্ব-সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ফলাফল তুলে ধরেন।
তিনি উল্লেখ করেছেন, আমেরিকা সফরের সময় প্রধানমন্ত্রী ভারত-আমেরিকা নতুন এবং উদীয়মান পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তি অ্যাকশন প্ল্যাটফর্মকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন। তিনি আস্থা প্রকাশ করেন যে, প্ল্যাটফর্মটি গ্রীন হাইড্রোজেন, অফশোর এবং উপকূলীয় বায়ু এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতাকে ত্বরান্বিত করবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের ফলে প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলাফল এসেছে। সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং ইনোভেশন পার্টনারশিপের উপর মউ শুধুমাত্র গবেষণাই নয় বাণিজ্যিক সুযোগকেও উন্নীত করবে।
