
নয়াদিল্লি, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল। যেখানে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের বস্ত্রশিল্পের বৈচিত্র সহ সাংস্কৃতিক মেলবন্ধন। বাংলা, কেরল, গুজরাট, রাজস্থান সহ দেশের সব প্রান্তের বস্ত্রশিল্পের নকশা তুলে ধরা হয়েছে শিল্পকর্মে। রয়েছে দেশের ২১টি অঞ্চলের বস্ত্রশিল্প শৈলীর নিদর্শন। সুদৃশ্য এই ডুডলে মুগ্ধ গোটা দেশ।
এটি তৈরি করেছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার। তিনি জানান, অন্যান্য ক্ষেত্রের মতোই বস্ত্রশিল্পেও ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ হল ভারতীয় চরিত্র। সেই বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন তিনি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে ‘বয়কট প্রস্তাব’ নিয়েছেন স্বদেশিরা। বিদেশি বস্ত্র বর্জন করে দেশীয় জিনিসকে গ্রহণ করা। সেই স্মৃতিকে তাজা করে স্বাধীনতা দিবসে গুগল ডুডলে ভারতীয় বস্ত্রশিল্পের উদযাপন ।
