
শিলং, ২৭ জুন : মেঘালয়ের রিভোই জেলায় সংঘটিত বজ্রপাতে জনৈক গৃহস্থের বাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশু-মহিলা সহ বাড়ির ছয় সদস্য। আগুনে ঝলসে গুরুতরভাবে আহত সংজ্ঞাহীন শিশুকে শিলঙের নাজারেথ হাসপাতালে এনে আইসিইউতে ভরতি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ঘটনা আজ মঙ্গলবার ভোররাতে সংঘটিত হয়েছে। গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক সময় রিভোই জেলার উমসোলাইত গ্রামে বজ্রপাত হয় ক্রিস্টিনা মাইনসঙের বাড়িতে। সে সময় বাড়ির সকলে ঘুমিয়ে ছিলেন। বজ্রপাতের ফলে ক্রিস্টিনার বাড়িতে আগুন ধরে যায়। ঘুমের মধ্যে বাড়িতে আগুন ধরায় দিগবিদিকশূন্য হয়ে পড়েন ক্রিস্টিনা ও তাঁর পরিবারের সদস্যরা।
আজ ভোরে তড়িঘড়ি আহত ছয়জনকে নিয়ে আসা হয় শিলঙের নাজারেথ হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে ছেড়ে দিলেও মা ক্রিস্টিনা মাইনসং এবং তাঁর সংজ্ঞাহীন শিশুপুত্রকে হাসপাতালে ভরতি করা হয়। শিশুসন্তানের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে আইসিইউ-এ ভরতি করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২১ জুন রাজ্যের মওসিনরামের মাওডন এবং মাওখাম গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছিল। নিহতদের যথাক্রমে মাওডনের স্কাইলাইট ডনবন (৫৫) এবং মাওখাম গ্রামের ওয়ালাম্বক রাপসাং (১৯) বলে শনাক্ত করা হয়েছিল।
