
নয়াদিল্লি, ১২ অক্টোবর : কলকাতা হাই কোর্টের নির্দেশে কামদুনি ধর্ষণকাণ্ডে চার জন জেল থেকে মুক্তি পেয়েছেন। তাই স্থানীয় প্রতিবাদীরা আতঙ্কিত। হুমকিও পাচ্ছেন তাঁরা।দিল্লি গিয়ে বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের কাছে এই মর্মে স্মারকলিপি জমা দিলেন কামদুনির মৌসুমী কয়াল, টুম্পা কয়াল-সহ প্রতিবাদীরা।
স্মারকলিপিতে জানালেন, এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। কামদুনির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য জাতীয় মহিলা কমিশনকে একটি দল পাঠানোর অনুরোধও করেছেন প্রতিবাদীরা।
বৃহস্পতিবার দিল্লি গিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেন মৌসুমী, টুম্পারা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। জাতীয় মহিলা কমিশনে স্মারকলিপি জমা করেন প্রতিবাদীরা।
স্মারকলিপিতে জানানো হয়, ২০১৩ সালের ৭ জুন কলেজ থেকে ফেরার পথে কামদুনির ২০ বছরের তরুণীকে অপহরণ করেন কয়েক জন। একটি কারখানায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এর পর তাঁর গলা কেটে দেহে ফেলে চলে যায় অপরাধীরা। ২০১৬ সালে দায়রা আদালত আনসার আলি, সইফুল আলি, আমিনুল আলিকে মৃত্যুদণ্ড দেয়। বাকি তিন জন ইমানুল ইসলাম, আমিনুর ইসলাম, ভোলা নস্করকে যাবজ্জীবন দেয়। ২০২৩ সালের ৬ অক্টোবর হাই কোর্ট মৃত্যুদণ্ড প্রত্যাহার করে আনসার এবং সইফুলের সাজা বদলে আমৃত্যু যাবজ্জীবন দেয়। নিম্ন আদালতে আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত আমিনুল বেকসুর খালাস পেয়েছেন। অন্য দিকে, নিম্ন আদালতে আমৃত্যু জেলের সাজাপ্রাপ্ত ইমানুল, আমিনুর এবং ভোলানাথ নস্করও ১০ বছর জেল খাটার কারণে খালাস পেয়েছেন হাই কোর্ট থেকে।
