
শিমলা, ১৭ এপ্রিল : ব্যাপক ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা। বুধবার রাতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের ফলে শিমলার বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচল প্রভাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ করা হয়।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শিলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে, গত রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। ঝড়ের পাশাপাশি বৃষ্টিও হয়।" উল্লেখ্য, আবহাওয়া দফতর ১৮ ও ১৯ এপ্রিল হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ১৮ ও ১৯ এপ্রিল চাম্বা, কাংড়া এবং কুল্লু জেলায় এবং ১৯ এপ্রিল মান্ডি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তবে শিমলা, কুল্লু, চাম্বা ও কাংড়া জেলায় ১৮ এবং ১৯ এপ্রিল শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
