
নয়াদিল্লি, ৯ জুলাই : মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে রাজধানী দিল্লিতে। রবিবার সকালে বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। শনিবার বিকেলের পর থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি রবিবারও। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লির নানা প্রান্ত। দিল্লির পাশাপাশি বৃষ্টি হচ্ছে হরিয়ানার গুরুগ্রামেও। গুরুগ্রামের সেক্টর-৫১, সোহনা রোড জলমগ্ন হয়ে পড়েছে।
গুরুগ্রামের রাস্তায় জল জমে যাওয়ায় রবিবার সকালে ধীর গতিতে চলাচল করে যানবাহন। ভারী বৃষ্টির জেলে বিপর্যস্ত হয়ে পড়েছে গুরুগ্রামের স্বাভাবিক জনজীবন। শুধুমাত্র দিল্লি ও গুরুগ্রাম নয়, ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তরাখণ্ডের নৈনিতাল, উত্তর প্রদেশের মোরাদাবাদে। মোরাদাবাদের নানা অংশ ইতিমধ্যেই জল জমে গিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির সফদরজং অবজারভেটরি রবিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, ১৯৮২ সালের ২৫ জুলাইয়ের থেকে সর্বোচ্চ।
