
ভোপাল, ১১ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের ভোপাল, নর্মদাপুরম, রেওয়া সহ ২২টি জেলায় সোমবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবারও মধ্যপ্রদেশ রাজ্যের ১৬টি জেলায় বৃষ্টিপাত হয়েছে। গত ৬ দিন ধরে মধ্যপ্রদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তার ফলস্বরূপ রাজ্যে খরার সংকট এড়ানো গেছে।
অন্যান্য জেলায়ও হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে মঙ্গলবার থেকে নতুন করে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ রাজ্যের ১৬টি জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মধ্যপ্রদেশের খাজুরাহো, মালাজখণ্ড, জবলপুর, পাচমাড়ি, শিবপুরি, উমারিয়া, সাগর, গুনা, বেতুল, গোয়ালিয়র, সিওনি, নর্মদাপুরম, নরসিংহপুর এবং রাজগড়েও বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। অন্যান্য জেলায়ও গত ৬ দিন ধরে বৃষ্টিপাত সত্ত্বেও, মধ্যপ্রদেশে গড় বৃষ্টিপাতের পরিসংখ্যান ১৪ শতাংশের কম।
আগামী এক সপ্তাহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মধ্যপ্রদেশের ভোপাল, শাজাপুর, আগর-মালওয়া, সেহোর, দেওয়াস, হরদা, রাজগড়, সাগর, রাইসেন, বিদিশা, অশোকনগর, নর্মদাপুরম, বেতুল, শিবপুরি, ভিন্দ, মোরেনা, উমারিয়া, শাহদোল, অনুপপুর, সিধি, নিওয়ারি, এবং রেওয়াতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
