
নয়াদিল্লি, ২৪ জুলাই: মণিপুর ইস্যুতে সংসদে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার, ফের বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "সংসদে আলোচনার জন্য আমরা প্রস্তুত।" কিন্তু, বিরোধীরা চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি। অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চেয়ে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। সংসদের উভয়কক্ষে মণিপুর ইস্যুতে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী মোদীকে, এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। বিরোধীরা স্লোগান দিতে থাকেন, "সংসদের উভয়কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছে ইন্ডিয়া (I.N.D.I.A অর্থাৎ বিরোধীদের জোটের নাম)।"
কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন সংসদের বাইরে বলেন, "আমরা আলোচনার জন্য প্রস্তুত...১৪০ কোটি জনগণের নেতা যদি সংসদের বাইরে বক্তব্য রাখতে পারেন, তাহলে তাঁর উচিত সংসদে যেখানে জনপ্রতিনিধিরা বসেন সেখানেও বক্তব্য রাখা।" অধিবেশন শুরু হওয়ার পর সংসদের অভ্যন্তরের একই দাবিতে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। অধিবেশন চলাকালীন লোকসভায় এদিন 'ইন্ডিয়া ফর মণিপুর' এবং 'মণিপুরের বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছে ইন্ডিয়া' প্ল্যাকার্ড-সহ বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
একইরকম অবস্থা থাকে রাজ্যসভাতেও। অধিবেশন শুরু হওয়ার পর, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় যখন সাংসদদের সম্বোধন করছিলেন, তখন বিরোধী সাংসদরা নিজেদের উদ্বেগ প্রকাশ করার জন্য আসন থেকে উঠে দাঁড়ান, তখন চেয়ারম্যান বলেন, "মিস্টার ডেরেক ও'ব্রায়েন, দয়া করে আসনে বসুন, আপনি আসনকে চ্যালেঞ্জ করছেন।" এরপরই দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
