
লন্ডন, ৩০ মার্চ : ‘মোদী’ পদবি নিয়ে মন্তব্যের জন্য এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ‘পলাতক’ ললিত মোদী। লন্ডনের আদালতে রাজীব তনয়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে বলে বৃহস্পতিবার নিজে টুইটার হ্যান্ডেলে এই পোস্টে হুমকি করেছেন। সেই সঙ্গে লন্ডনে কোন-কোন কংগ্রেস নেতার সম্পত্তি রয়েছে তা ফাঁস করা হবে বলেও হুঙ্কার ছুঁড়েছেন। যদিও ললিত মোদীর হুমকিকে গুরুত্বই দেননি কংগ্রেস নেতারা।
আইপিএলের চেয়ারম্যান থাকাকালীন কয়েকশো কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল ললিত মোদীর বিরুদ্ধে। একাধিক কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করতেই দেশ ছেড়ে পালিয়ে এসে লন্ডনে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে লন্ডনেই ঘাঁটি গেড়ে রয়েছেন। বরাবরই কংগ্রেসের কট্টর সমালোচক ও বিজেপির অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ললিত মোদী এদিন টুইটারে লিখেছেন, ‘আমাকে পলাতক অপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন ‘পাপ্পু’ রাহুল গান্ধী। তিনি জানেন না, আমায় কোনও আদালত শাস্তি দেয়নি। আমার মানহানি করার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে পাল্টা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’
