
নয়াদিল্লি, ৫ মার্চ : লোকসভা নির্বাচনের ঠিক আগে বড় ধাক্কা কংগ্রেসে। বারাণসীর প্রাক্তন কংগ্রেস সাংসদ রাজেশ মিশ্র যোগ দিলেন বিজেপিতে। তিনি দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে সদস্যপদ গ্রহণ করেন। বিজেপিতে যোগদানের পর তিনি বলেন, "প্রধানমন্ত্রী গত ১০ বছরে যে কাজ করেছেন তা আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা ভাগ্যবান যে তাঁকে আমরা বারাণসীর সাংসদ হিসেবে পেয়েছি।" তিনি এও বলেন যে, নরেন্দ্র মোদীর বিপক্ষে আইএনডিআই জোটের থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি বারাণসী থেকে একটিও ভোট পাবেন না।
২০০৪ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজেশ মিশ্র বারাণসী লোকসভা আসন থেকে নির্বাচনে জয়লাভ করেন। যদিও তারপর থেকে এখানে কংগ্রেস আর জিততে পারেনি। এবছর আবার কংগ্রেস রাজেশ মিশ্রকে বারাণসী থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানায়। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন রাজেশ মিশ্র। কিছুদিন ধরে এই গুঞ্জনও শোনা যাচ্ছিল যে রাজেশ মিশ্র সমাজবাদী পার্টিতেও যোগদান করতে পারেন । কিন্তু তিনি বিজেপিতে যোগদান করে জল ঢাললেন সব জল্পনায়।
