
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : জি-২০ সম্মেলনের জন্যে বিভিন্ন বিদেশী প্রতিনিধি দলের সদস্যরা নতুন দিল্লিতে আসতে শুরু করেছেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। তিনিই হলেন প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি এই সম্মেলনে যোগ দিতে সর্বাগ্রে এলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় আগামীকাল ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সব ধরণের সতর্কতা অবলম্বন করবেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা আমেরিকার সকল প্রতিনিধির এদেশ সফরের আগে কোভিড পরীক্ষা করানো হচ্ছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন ।
