
সিকার, ২৭ জুলাই: দেশের অন্নদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের সিকারে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, "কৃষকদের শক্তি ও কঠোর পরিশ্রম মাটি থেকেও সোনা বের করে আনে।" প্রধানমন্ত্রী এদিন ১,২৫,০০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র দেশকে উৎসর্গ করেন। এই অনুষ্ঠানে মোদী বলেছেন, "আমাদের সরকার দেশের কৃষকদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার এত দশক পর এমন একটি সরকার ক্ষমতায় এসেছে, যারা কৃষকদের দুঃখ-বেদনা বোঝে, কৃষকের উদ্বেগ বোঝে, সে কারণেই গত ৯ বছরে কৃষকদের স্বার্থে ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "বর্তমানে দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধির অধীনে ১৮ হাজার কোটি টাকা পেয়েছেন। এখন দেশে ১,২৫,০০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র শুরু হয়েছে। ব্লক ও গ্রাম পর্যায়ে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রগুলি কৃষকদের উপকৃত করবে... ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স কৃষকদের জন্যও শুরু হয়েছে... নতুন ইউরিয়া গোল্ড শুরু হয়েছে৷ রাজস্থানের বিভিন্ন এলাকা মেডিকেল কলেজ এবং একলব্য মডেল স্কুলও পেয়েছে।"
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেছেন, "২০১৪-১৫ সালে কৃষি মন্ত্রকের বাজেট ছিল মাত্র ২৩ হাজার কোটি টাকা এবং এখন তা ৫ গুণ বাড়িয়ে ১,২৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে যা প্রধানমন্ত্রী মোদীর অগ্রাধিকারগুলিকে তুলে ধরে।"
