
নয়াদিল্লি, ১৭ মার্চ : অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পরই তাঁর ঘনিষ্ঠ ১২ জনকে ডেকেছে তদন্তকারীরা। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন কেষ্টর রাঁধুনী বিজয় রজক।
আদালতে বোলপুরের বাহিড়ি গ্রামের বাসিন্দা বিজয় রজক। বয়স ৩২ বছর। পরবর্তীকালে গ্রাম থেকে এসে কালিকাপুরে থাকতে শুরু করেন বিজয়। দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কালিকাপুরে একটি বাড়ি বানিয়েছিলেন বিজয়। অনুব্রত মণ্ডলের সূত্র ধরে লাভপুর শম্ভুনাথ কলেজে অশিক্ষক কর্মী পদে চাকরি পেয়েছিলেন। এর পাশাপাশি তিনি অনুব্রতর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেন। সমস্ত জনসভায় অনুব্রতর ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বও ছিল বিজয়ের কাঁধে। এছাড়া অনুব্রতর রাঁধুনী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
ফলত অনুব্রতর ঘনিষ্ঠদের তালিকায় নাম রয়েছে বিজয় রজকের। গত সপ্তাহেই তাঁকে নোটিস পাঠায় ইডি। তার ভিত্তিতেই এদিন দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন বিজয়। শোনা যাচ্ছে, মূলত তাঁর সম্পত্তির উৎস জানতেই এই তলব। তবে এই প্রথম নয়, অনুব্রতকে গ্রেফতারের পর থেকেই বিজয় রজকের উপর নজর ছিল তদন্তকারীদের। একাধিকবার তাঁকে জেরার সম্মুখীনও হতে হয়েছে। আগেই তাঁর একটি অ্যাকাউন্টের অর্থ ফ্রিজ করেছে তদন্তকারীরা।
