
নয়াদিল্লি, ২ ডিসেম্বর : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি পরবর্তী ১২ ঘন্টার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইএমডি সূত্রে জানা গিয়েছে।
একটি আইএমডি রিলিজ অনুসারে আরও জানা গিয়েছে যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৯ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। তারফলস্বরূপ পয়লা ডিসেম্বর, ২০২৩ একই অঞ্চলে রাত ১১.৩০ নাগাদ নিম্নচাপটি কেন্দ্রীভূত হয়েছিল। এরপর এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৪ ডিসেম্বর দুপুরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছে যাবে বলেও আইএমডি জানিয়েছে। আইএমডি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবল হাওয়া-বাতাস বইবার পূর্বাভাসও দিয়েছে।
