
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: রাজধানীতে দিল্লিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যও। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশের বিভিন্ন রাজ্য। তবে এর প্রভাব বেশি পড়েছে রাজধানীতে। কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন দিল্লিবাসী। কুয়াশার দাপট রয়েছে উত্তর প্রদেশ, পঞ্জাব-সহ উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও।
মঙ্গলবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লির পালমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সফদরজং-এ ১০.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ও জাঁকিয়ে ঠান্ডায় জবুথবু অবস্থা দিল্লিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন বিশেষত দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ-সহ বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা দেখা যাবে।
