
ভোপাল, ৪ সেপ্টেম্বর : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মধ্যপ্রদেশের নিমচ থেকে জন আশীর্বাদ যাত্রার উদ্বোধন করবেন। বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ আশিস আগরওয়াল সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
সোমবার মধ্যপ্রদেশে একদিনের সফরে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী। আগরওয়াল আরও জানিয়েছেন, রাজনাথ সিং, উদয়পুর বিমানবন্দর থেকে দুপুর ৩টে নাগাদ নিমচ এয়ারস্ট্রিপে পৌঁছোবেন। তারপর ৩টে ৫৫ মিনিট নাগাদ কিলেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেবেন। বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ নিমচের দশেরা মাঠ থেকে জন আশীর্বাদ যাত্রা শুরু হবে। জনসভায় ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার বিকাল ৫টা ৪০ মিনিট নাগাদ তিনি নিমচ এয়ারস্ট্রিপ থেকে উদয়পুরের উদ্দেশে রওনা দেবেন। মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং তাদের ১৮ বছরের শাসনকালে সরকারের কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দিতেই বিজেপি জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে। তাদের এই আশীর্বাদ যাত্রার প্রধান উদ্দেশ্য হল, কংগ্রেসের মিথ্যা প্রকাশ্যে আনা। এই যাত্রায় বিজেপির বর্শীয়ান নেতারাও অংশগ্রহণ করবেন। এই জন আশীর্বাদ যাত্রা ১০ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব ২৫ সেপ্টেম্বরের মধ্যে অতিক্রম করবে। সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে যাবে এই যাত্রা। রবিবার মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকূট থেকে বিজেপির প্রথম জন আশির্বাদ যাত্রার উদ্বোধন করেন জে পি নাড্ডা।
