মোরবি দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩৫, দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী, কথা আহতদের সঙ্গে

Narendra Modi At Morbi
Narendra Modi At Morbi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মৃত্যু মিছিল যেন থামছেই না, মোরবি দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩৫ হয়েছে। মৃতদের মধ্যে ৪০ জন মহিলা ও ৩৪টি শিশুও রয়েছে। সোমবার মোরবির স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছিলেন, এখনও কমপক্ষে দু’জনের খোঁজ মেলেনি। 

গুজরাটে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এই বিপর্যয়ে স্বভাবতই বেশ অস্বস্তিতে শাসকদল বিজেপি। বিরোধীরা এই দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছে। ভোটের মুখে চমকের রাজনীতি করতে গিয়ে ফিট সার্টিফিকেট ছাড়াই তড়িঘড়ি ব্রিজটি খুলে দেওয়া হয়েছিল বলে তোপ বিরোধীদের।  

এমত পরিস্থিতিতে, মঙ্গলবার সরেজমিনে উদ্ধারকাজ খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোরবির ব্রিজ বিপর্যয়স্থল ঘুরে দেখার পর মোদী যান স্থানীয় সিভিল হাসপাতালে। সেখানেই সেতু ভেঙে আহত বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। তাঁদের সঙ্গে দেখা করেছেন মোদী। কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও।  

এ প্রসঙ্গে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছিলেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। এই কঠিন সময়ে উনি আমাদের সঙ্গে রয়েছেন। গুজরাটকে এই শোক থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী।”

এদিকে ব্রিজ দুর্ঘটনার জেরে বিচারবিভাগীয় তদন্তের আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী ১৪ নভেম্বর সেই আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে শীর্ষ আদালত। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…