
নয়ডা, ২৫ ফেব্রুয়ারি: উত্তর প্রদেশের নয়ডায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৪জন আহত হয়েছেন। রবিবার সকালে নয়ডার থানা ফেজ-থ্রি এলাকার মামুরা গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। এক পুলিশ আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলজিপি সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লাগে। যদিও দমকলের কর্মীরা অনেকক্ষণ চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হয়েছে। নয়ডা পুলিশ জানিয়েছে যে রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মামুরা গ্রামের একটি বাড়িতে আগুন লাগার খবর তাঁরা পায়। তারপরই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
মামুরা গ্রামের একটি বাড়ির একতলায় আগুন লাগে। তাতে আহত হন, আতর সিং (৩৫), মিথিলেশ (৩২), কৃষ্ণা (১৫) এবং গৌরী (১০)। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
