
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাইবার ক্রাইম, হ্যাকারদের আনাগোনা যেন বেড়েই চলেছে। এবার হ্যাকারদের লক্ষ্যে ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইট! যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে দিল্লিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্র সরকার এই হানার ঘটনা আঁচ করে আগেভাগেই সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ রয়েছে এই সাইবার হানার পিছনে। যাদের নিশানায় রয়েছে ভারতের বিভিন্ন সরকারি ওয়েসাইট। আরও জানা গেছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ করতে পারে এই দল। তাই সরকারি কর্মকর্তাদের এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে অমিত শাহের মন্ত্রক থেকে।
গত বছর ডিসেম্বরে আইসিএমআর (ICMR) অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- এর ওয়েবসাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল হ্যাকাররা। একদিনে ৬ বার আইসিএমআর-এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিল হ্যাকাররা। যদিও সফল হয়নি।
তার আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ওয়েবসাইটে র্যানসমওয়্যার হামলার কথা এখনও মনে আছে অনেকেরই। গোটা ইনস্টিটিউটের অনলাইন সিস্টেম বিকল করে দিয়েছিল এই সাইবার হানা। ২০২২ সালেই বিভিন্ন সরকারি সংস্থার ওয়েবসাইটে ১৯টি র্যানসমওয়্যার হামলার খবর মিলেছিল।
এবারের এই হামলা আরও মারাত্মক বলে জানিয়েছে কেন্দ্র সরকার। কীভাবে ইন্দোনেশিয়ার এই গ্রুপটি হামলার ছক কষছে তারও আভাস দেওয়া হয়েছে। তারা ‘ডেনিয়েল অফ সার্ভিস’ (Dos) লঞ্চ করার পরিকল্পনা করছে। যার ফলে অনেকগুলি কম্পিউটার বা ডিভাইস থেকে একযোগে এত ডেটা পাঠাবে যাতে গোটা সিস্টেম স্তব্ধ হয়ে যায়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হ্যাকারদের গ্রুপটি একটি তালিকাও প্রকাশ করেছে, যেসব সরকারি ওয়েবসাইটে তারা হামলা করার ছক কষেছে। এই জন্য সরকারি কর্মচারীদের উদ্দেশে সতর্কতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যেকোনও অজানা ইমেল বা লিঙ্ক যাতে কেউ ক্লিক না করেন সেটা সতর্ক করা হয়েছে। সমস্ত সফ্টওয়্যার আপ-টু-ডেট রাখতেও বলা হয়েছে।
এছাড়াও সম্প্রতি ওয়েবসাইট সুরক্ষিত করার কেন্দ্র সরকারের দেওয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সকল সরকারি কর্মচারীদের। সেখানে কীভাবে এইসব আক্রমণ প্রতিহত করা যায় তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে।
