
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দশম শ্রেণির বিজ্ঞানের নতুন পাঠ্যসূচিতে বড় বদল হতে চলেছে। এনসিইআরটি সূত্রের খবর, দশম শ্রেণির বিজ্ঞানের নতুন পাঠ্যসূচিতে পর্যায় সারণির পাশাপাশি শক্তির উৎস এবং সুস্থায়ী সম্পদের ব্যবহার সম্পর্কিত অংশও বাদ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাদ যাচ্ছে দেশের জনপ্রিয় আন্দোলন, রাজনৈতিক দল এবং গণতন্ত্রের সঙ্কট সম্পর্কিত বিষয়ও।
উল্লেখ্য, সিলেবাস কমানোর যুক্তিতে এই বিষয়গুলিকে বাদ দেোইয়া হয়েছে সিলেবাস থেকে। বলা হয়েছে ‘পড়ুয়াদের উপর চাপ কমাতে’ই এই পদক্ষেপ করা হয়েছে।'
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনসিইআরটি-র তরফে বলা হয়েছে, পড়ুয়ারা চাইলে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে এই বিষয়গুলি বিস্তারিত ভাবে পড়তে পারবেন। কিন্তু যে পড়ুয়া মাধ্যমিক কিংবা সমতুল কোনও পরীক্ষার পর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন না, তিনি পর্যায় সারণির মতো বিষয় সম্পর্কে কীভাবে জানতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, এর আগে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বই থেকে বিবর্তনবাদের অধ্যায়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনসিইআরটি। দেশের নানা প্রান্তের বিজ্ঞানীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হন। তাঁরা খোলা চিঠি দিয়ে প্রতিবাদও জানান। এনসিইআরটির পাঠ্যবই থেকে সম্প্রতি থেকে মোগল ইতিহাস এবং গান্ধীহত্যার প্রসঙ্গও বাদ দেওয়া হয়েছে।যদিও সেই মুহুর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সিলেবাসে এই কাটছাঁট প্রসঙ্গে জানানো হয়েছে, অতিমারিকালে পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
