
বিজওয়াড়া, ১০ সেপ্টেম্বর : ‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট’ মামলায় ধৃত চন্দ্রবাবু নায়ডুকে আদালতে পেশ করল তদন্তকারী সংস্থা সিআইডি। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবুকে গ্রেফতার করার পর মধ্যরাত অবধি জিজ্ঞাসাবাদ পর্ব চলে। রবিবার সকালে চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ায় দুর্নীতি বিরোধী আদালতে পেশ করা হয়। তারও আগে ভোর ৩টে ৪০ মিনিটে স্থানীয় সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় প্রবীণ এই রাজনীতিকের।
ভোর থেকেই আদালতের সামনে জড়ো হতে থাকেন টিডিপি সমর্থকেরা। চন্দ্রবাবুর সমর্থনে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে ঢোকেন চন্দ্রবাবু। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং অন্য আইনজীবীরা। নিম্ন আদালতের বিচারক এখনও রায় ঘোষণা করেননি বলে জানা গিয়েছে। তবে সিআইডি সূত্রে খবর, দুর্নীতি মামলায় চন্দ্রবাবুকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
